


কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাজ্জাদুল কবির। এ ছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, কবি, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষণমুক্ত সমাজের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। তাঁর রচনা নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে।
বক্তারা আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন; তিনি বাঙালির স্বাধীনচেতা মনন, সাম্য ও মানবতার অন্যতম প্রধান কণ্ঠস্বর। তাঁর সাহিত্যকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা এসব পরিবেশনা উপভোগ করেন।
নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক আদর্শ ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।